কমলাপুর আইসিডির মূল সড়কে অবৈধ পার্কিং রোধে সমন্বয় সভা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:২২

রাজধানীর কমলাপুরে আইসিডির মূল সড়কে অবৈধ পার্কিং রোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপপুলিশ কমিশনারের কার্যালয় (ট্রাফিক মতিঝিল) সম্মেলনকক্ষে মোহাম্মদ মইনুল হাসানের (অতিরিক্ত ডিআইজি) সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিডি সম্পর্কিত বিভিন্ন স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। 

সভায় প্রথমেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত এলাকার ট্রাফিক শৃঙ্খলাসম্পর্কিত সমস্যাগুলো তুলে ধরা হয় এবং বিস্তারিত আলোচনা হয়। সবাই ঐকমত্যে পৌঁছান যে, আইসিডিতে গমনাগমনকারী বিভিন্ন পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক কাভার্ড ভ্যান, লরি, প্রাইমমুভার, ট্রেইলর মূল রাস্তায় অবৈধভাবে পার্কিং করে জনদুর্ভোগ বাড়ানো আদৌ কাম্য নয়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গুলো হচ্ছে—(১) দীর্ঘদিন পড়ে থাকা অব্যবহূত গাড়িসমূহের (আইসিডির বাহিরে ও অভ্যন্তরে) তালিকা করে আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অপসারণ করবেন। ডিএমপির ট্রাফিক ও ক্রাইম বিভাগ তাদেরকে সহায়তা করবে; (২) অতিরিক্ত গাড়ি কোনোমতেই আনয়ন করা যাবে না। উক্ত শ্রেণির পরিবহন নেতৃবৃন্দ তা আগামী তিন দিনের মধ্যে তালিকা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন; (৩) আইসিডির অভ্যন্তরে বেশিসংখ্যক গাড়ি রাখতে হবে; (৪) অতি দ্রুত পরিবহন নেতৃবৃন্দ বাংলাদেশ রেলওয়ে কিংবা অন্য যে কোনো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগপূর্বক ভিন্ন কোনো স্থানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ/ লিজ/ ভাড়া নিবেন যাতে মূল রাস্তা ফ্রি থাকে; (৫) আগামী সপ্তাহ থেকে মূল সড়কে এমনভাবে কোনো গাড়ি পার্কিং রাখা যাবে না যাতে অত্র রাস্তায় চলাচলকারী সম্মানিত নাগরিকবৃন্দের চলাচলে বিঘ্ন/ অন্তরায় ঘটে।

সভায় উপস্থিত ছিলেন—কমিশনার, কাস্টম হাউজ, আইসিডির প্রতিনিধি মো. ফকরুল আমিন চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল হাসান, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ইত্তেফাক/কেকে