নীলফামারীতে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২২:৫৪

নীলফামারীর সৈয়দপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার ধলাগাছ এলাকায় জামায়াতের আমির আব্দুল মুনতাকিমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন–জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আল ফারুক আব্দুল লতিফ (৪৫), সৈয়দপুর উপজেলার সেক্রেটারি মাজহারুল ইসলাম (৪৫) এবং বোতলাগাড়ী ইউনিয়নের আমির খয়রাত হোসেন বসুনিয়া (৫০)।

পুলিশ জানিয়েছে, ধলাগাছ এলাকায় জামায়াত নেতা মুনতাকিমের বাড়িতে নাশকতার পরিকল্পনা করতে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এ সময় জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনতাকিমসহ অন্যরা পালিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ডিডি