‘সড়কে নিরাপত্তা চাই, বাঁচার মত বাঁচতে চাই, দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন প্রয়োগ চাই’ লেখা একটি পোস্টার নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নওগাঁর রাস্তায় নেমেছেন এক স্কুল শিক্ষার্থী।
রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী শহরের তাজের মোড় ও ব্রীজের মোড় সড়কে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান করেন নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া।
এসময় শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়ার এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারীরা। জুলফিকার রহমান নামের এক যুবক বলেন, ‘আমরা আসলে সড়কে কেউ নিরাপদ নয়। বাসা থেকে বের হলে সুস্থভাবে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো কি-না তার কোনো নিশ্চয়তা নেই। একজন ছোট্ট শিশু শিক্ষার্থীর এমন উদ্যোগ সত্যিই আমাদের মুগ্ধ করেছে। সবারই উচিত নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হওয়া।’
নিলুফার ইয়াসমিন, তানহা খাতুন নামের আরও দুই পথচারী বলেন, ‘আমরা তার দাবিকে সমর্থন করছি। তাকে দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে। প্রতিদিনই সড়কে তাজা প্রাণ ঝরে যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে সবাই এক হয়ে আন্দোলন করতে হবে।’
শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া বলেন, ‘টিভি-পত্রিকাতে প্রতিদিন দেখি মৃত্যুর খবর। তার অধিকাংশই সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু। রাস্তায় বের হলে আবার বাড়িতে মা-বাবার কাছে ফিরতে পারবো কি-না তার কোনো নিশ্চয়তা নেই। প্রতিদিন এত মৃত্যুর খবর দেখে খুবই কষ্ট পাই, ভয়ও লাগে।’
ছোঁয়া আরও বলেন, ‘আমি চাই নিরাপদ সড়ক। নিরাপদে সড়কে চলাফেরা করতে চাই। সরকারের কাছে আকুল আবেদন নিরাপদ সড়ক নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’
বিষয়টি নিয়ে কথা হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) নওগাঁ জেলা শাখার সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। পাশাপাশি যানবাহন চালক ও মালিকদের সচেতনও করছি। শিক্ষার্থী ছোঁয়ার এমন উদ্যোগ আমাদেরও মুগ্ধ করেছে। এমন দাবি ও সচেতনতাবোধ সবার মাঝে জাগ্রত হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে।’
