উপজেলা পরিষদ নির্বাচন

দলের নির্দেশ উপেক্ষা করে প্রার্থী হচ্ছেন এমপির পুত্রবধূ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:৪৫

প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা উপক্ষো করেই ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা। 

রোববার (২১ এপ্রিল) অনলাইনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তি‌নি। প্রিয়া আগরওয়ালা জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তার স্বামী রাজীব পোদ্দার জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। 

অপরদি‌কে তার মা সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেয়ের জামাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা।

দলীয় সিদ্বা‌ন্তের বাইরে গি‌য়ে প্রার্থী হওয়ার বিষ‌য়ে জান‌তে চাইলে প্রিয়া আগরওয়ালা স্বামী রাজীব পোদ্দার ব‌লেন, স্ত্রী‌কে নি‌য়ে ২০২০ সা‌লে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে‌ছি। এখন আর বা‌ড়ি‌তে থা‌কি না। আগামী ৩০ তা‌রিখ পর্যন্ত প্রত্যাহারের শেষ দিন আছে। এর মধ্যে প‌রি‌স্থি‌তি দেখে বি‌বেচনা কর‌বে। ত‌বে সংসদ সদস্য মা আমা‌দের নির্বাচ‌নের কোনো ধর‌নের সহ‌যো‌গিতা ক‌রি‌নি।

এ বিষ‌য়ে সংরক্ষিত নারী আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা ব‌লেন, আমার প‌রিবা‌রে ছে‌লে ও তার স্ত্রী থা‌কে না। নির্বাচন থে‌কে স‌রে দাঁড়াতে ‌বি‌ভিন্ন লোক‌ দি‌য়ে ছে‌লে ও তার স্ত্রী‌কে ব‌লে‌ছি। কিন্তু তারা আমার কথা শো‌নে না।

এদি‌কে প্রধানমন্ত্রীর কঠোর নিদের্শনা না মানায় দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃ‌ষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশহুরা বেগম হুরা ব‌লেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে দ‌লের ‘চেইন অব কমান্ড’ ভেঙে প‌ড়ে।

ইত্তেফাক/পিও