ভারতের দ্বিতীয় দফার ভোটে কোটিপতি প্রার্থীর হিড়িক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৫০

চলছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে এবার নজর কাড়ছেন কোটিপতি প্রার্থীরা। দ্বিতীয় দফার ভোটে ১ হাজার ১৯৮ প্রার্থীর ৩৯০ জন প্রার্থীই কোটিপতি। প্রথম দফায় ভোটে ২ হাজার প্রার্থীর মধ্যে অনেকেই শতকোটি রুপির বেশি মালিক ছিলেন। এবার দ্বিতীয় দফার ভোটে প্রায় ৭০০ কোটি মূল্যের সম্পদের মালিকও প্রার্থী রয়েছেন। খবর ওয়ান ইন্ডিয়ার।

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোটে ১৩ রাজ্যে মোট ১১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১১৯২ জনের হলফনামা বিশ্লেষণ করেছে দেশটির নির্বাচনী তথ্য সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা এডিআর। সেই সমীক্ষায় বলা হয়েছে, দ্বিতীয় দফার ভোটে ৩৯০ জন প্রার্থীই এবার কোটিপতি। আর এমন ছয়জন প্রার্থী রয়েছেন, যাদের কোনও সহায়-সম্পদ নেই। কারো হাতে নগদ ৫০০, কারও ১ হাজার রুপি আছে। তাদের নেই কোনও বাড়ি, থাকার জায়গা এমনকি মোবাইল ফোনও।

দলের ভিত্তিতে বিজেপি প্রার্থীদের ৯৩ শতাংশ (৬৯টির মধ্যে ৬৪), কংগ্রেস প্রার্থীদের ৯১ শতাংশ (৬৮টির মধ্যে ৬২), সিপিআই (এম) প্রার্থীদের ৬৭ শতাংশ (১৮টির মধ্যে ১২), এবং ৪০ শতাংশ (৫টির মধ্যে ২) সিপিআই প্রার্থীদের এক কোটি রুপির বেশি সম্পদ রয়েছে।

ভোটের দ্বিতীয় পর্বে প্রত্যেক প্রার্থীর গড় সম্পদ রয়েছে ৫ কোটি ১৭ লাখ রুপি মূল্যের। দলগত গড় বিবেচনা করলে, কংগ্রেস প্রার্থীদের প্রতি প্রার্থীর গড় সম্পদের মূল্য ৩৯ কোটি ৭০ লাখ রুপি নিয়ে এগিয়ে আছে। বিজেপি প্রার্থীদের গড় সম্পদ ২৪ কোটি ৬৮ লাখ রুপি।

দ্বিতীয় দফার ভোটে দুজন প্রার্থী ৫০০ কোটি রুপি সম্পদের মালিক। তারা কংগ্রেস থেকে প্রার্থীতা করছেন। আর তৃতীয় সর্বোচ্চ ধনী প্রার্থী বিজেপির, অভিনেত্রী হেমা মালিনী। কংগ্রেসের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্ণাটকের মাগু এবং ব্যাঙ্গালুরুর গ্রামীন আসন থেকে। আর হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার।  
 
তথ্য বিশ্লেষণকারী সংস্থাটি আরও বলছে, শীর্ষ তিন ধনী প্রার্থীর দুজন কংগ্রেসের। তাদের নাম ভেঙ্কাটারামানে গৌড়া এবং ডি কে সুরেশ। গৌড়ার মোট সম্পদের পরিমান ৭১৫ কোটি রুপি। ডি কে সুরেশের আছে ৬২২ কোটি রুপির সম্পদ। আর তৃতীয় সর্বোচ্চ ধনী প্রার্থী হেমা মালিনীর রয়েছে ২৭৮ কোটি রুপির সম্পদ। 
 
এর আগে প্রথম দফার ভোটে ২৭৮ কোটি রুপির মালিক হিসেবে এক ব্যক্তি সর্বোচ্চ ধনী প্রার্থীর রেকর্ড তৈরি করেছিলেন। 

দ্বিতীয় দফার নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থীর রেকর্ডও রয়েছে। মাত্র ৫০০ রুপি পকেটে নিয়ে মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী লক্ষণ নাগরাও।
 
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। গত ১৯ এপ্রিল নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হয়; যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। সাত দফার নির্বাচনের দ্বিতীয় দফায় দেশটির ১৩ রাজ্যের ৮৯টি লোকসভা আসনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ এপ্রিল।

ইত্তেফাক/এনএন