ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে কিশোর শিপন মিয়া (১৬) খুন হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যাবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, একই ইউনিয়নের কান্দানিয়া উল্লারচালা গ্রামের আবু তাহেরে ছেলে শিপন মিয়াকে সোমবার সন্ধ্যায় ফোন করে পার্শ্ববর্তী গ্রাম বন্যাবাড়ি এলাকায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যায় কিশোর নাইম (১৭)। মেলায় যাবার পথে তর্কবির্তক হয় কিশোরগ্যাং দলের সদস্যদের সাথে। রাতে মেলায় মঞ্চ নাটক চলাকালে শিপনের উপর হামলা চালায় কিশোর গ্যাং ইমানসহ (১৭) ৫ থেকে ৭ জন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিপনের। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩ জন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মা আকলিমা খাতুন বলেন, ত্রিশাল আকিজ কোম্পানিতে কাজ শেষ করে বিকালে বাড়ি আসে শিপন। সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে মেলার কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। যারা আমার ছেলেকে খুন করল তাদের ফাঁসি চাই।
ফুলবাড়ীয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়েছিল। ঘটনার রাতে শিপনের উপর হামলা করে একদল কিশোর। সে হাসপাতালে মরা যায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
