দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র গণতন্ত্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে: শেখ পরশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৯:০৪

বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে একযোগে সুপেয় পানি সরবরাহ, সচেতনতামূলক লিফলেট ও কয়েক শ ছাতা বিতরণ করা হয়। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ফার্মগেটে (আনন্দ সিনেমা হল সংলগ্ন) কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। 

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে। তাই আজকে যখন তীব্র তাপদাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন সুপেয় পানি দিয়ে, আপনাদের তৃষ্ণা মিটাবার জন্য, আপনাদের কষ্ট লাঘব করার জন্য। তেমনি তিনি বিশ্ব দরবারে শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তিনি গাজায় নিপীড়িত-শোষিত মানুষের অধিকারের কথা বলিষ্ঠ কণ্ঠে বলেছেন। তিনি যুদ্ধ বন্ধের জোর দাবি তুলেছেন এবং সকল যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাই শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি বলেছেন, যুদ্ধে যা খরচ করা হয়, তা যদি পরিবেশ রক্ষায় কাজ করা হয় তাহলে মানুষের অনেক মঙ্গল হয়। 

শেখ পরশ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্বে আছেন বলেই হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়েছে। বাংলার ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র স্থিতিশীল, সাংবিধানিক, গণতান্ত্রিক সরকার কায়েম রেখেছে। গত ১৫-১৬ বছরে ধারাবাহিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখলের সকল অপচেষ্টা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করেছি। বর্তমান সরকার স্থিতিশীল বলেই দেশে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে, বিস্ময়কর উন্নয়নমূলক অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো একজন দক্ষ রাষ্ট্রনায়ক রাষ্ট্রীয় দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ সারা বিশ্বে সমীহ অর্জন করেছে। সমগ্র বিশ্বে শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতার জন্য প্রশংসা পাচ্ছে। গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ বিদ্যমান আছে বলেই পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।

তিনি আরও বলেন, আজকে দেশে-বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরেও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও আমাদের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটা দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আওয়ামী লীগ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে এদেশের জনগণের উপর। জনগণই আমাদের আস্থার স্থল। 

তিনি আরও বলেন, আজকে সুপেয় পানির সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য সংক্রান্ত কিছু লিফলেট এবং নির্বাচন সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করছি। আপনারা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। আমাদের প্রত্যাশা দেশের সকল ইউনিট তাপদাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াবেন। 

সঞ্চালকের বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আপনারা জানেন, বাংলাদেশে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। দীর্ঘদিন যাবৎ প্রচণ্ড গরমে সারা বাংলাদেশের মানুষ অতীষ্ঠ হয়ে ওঠেছে। এই গরমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো অনেক কষ্টে আছেন। সে কারণে মানবতার মা বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। সুপেয় পানি, সরবত, স্যালাইন, ছাতা বিতরণসহ বিভিন্নভাবে মানুষের পাশে রয়েছে। এই গরমে কিভাবে ভাল থাকা যায়, সেজন্য সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছে যুবলীগ। যুবলীগের নেতাকর্মীরা সারাদেশে এই কর্মসূচি অব্যাহত রেখেছে। 

বিভিন্ন স্থানে সুপেয় পানি ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, পরিবেশবিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর প্রমুখ। 

ইত্তেফাক/ডিডি