মঠবাড়িয়ায় আগুনে পুড়ল ৯টি দোকান

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৬:০১

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুন লেগে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাসস্ট্যান্ড বাজারে এ আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাজারের পশ্চিম গলির জ্বালানী তেলের দোকান মল্লিক স্টোরে আগুন লাগে। মূহুর্তে তেলের ড্রামে আগুন লেগে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি জ্বালানী তেলের দোকান, একটি ওয়ার্কশপ, চারটি চায়ের দোকান, একটি মোটর গ্যারেজ ও দুইটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মল্লিক আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলে হাসপাতালে স্থানান্তর করে। 

আরও পড়ুন: সব স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির

বাজার কমিটির সভাপতি ও গুলিসাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো জানান, আগুনের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

মঠবাড়িয়া ফায়ার স্টেশন দায়িত্বরত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে জ্বালানী তেলের দোকান থেকে তা ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/অনি