বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:১২

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান মোল্লা (৫) ও তার বড় বোন রেজভী আক্তার (১০) বাড়ির পাশে খেলতে খেলতে গাছ থেকে লেবু তুলতে যায় এবং তাৎক্ষণিক তার ছিঁড়ে লেবু গাছে পড়লে প্রথমে সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঐ ঘটনা দেখে তার বড় বোন রেজভি ভাইকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাদের মা দুই ভাই-বোনকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এবং ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। রিয়াজ মোল্লার আরও একটি দুই বছরের ছেলে আছে।

ছবি: ইত্তেফাক

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সর্কেল) ফরহাদ সর্দার, বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেনসহ বাকেরগঞ্জ ও বরিশাল পল্লি বিদ্যুতের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির জানান, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বরিশাল ও ঢাকা প্রধান কার্যালয় থেকে দুটি আলাদা বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সব কিছু জানা যাবে। 

ইত্তেফাক/এসকে/পিও