কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যটক স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট বেলাভূমিতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পর্যটক মতিউর রহমান কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।
সৈকতের লাইফগার্ড সুপারভাইজার মোহাম্মদ ওসমান তথ্যটি নিশ্চিত করে জানান, পর্যটক মতিউর রহমান সকাল সাড়ে ৯টার দিকে সমুদ্র সৈকতে নামেন। পায়ের গোড়ালি পরিমাণ পানিতে দাঁড়িয়ে তিনি ফোনে কথা বলছিলেন আর ঢেউ উপভোগ করছিলেন। এমন সময় হঠাৎ সৈকতের বেলাভূমিতে পড়ে যান তিনি।
জানা গেছে, সৈকতে দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দ্রুত তার কাছে ছুঁটে যান। তাকে উদ্ধার করে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে পৌছে পরীক্ষা নিরীক্ষার পর পর্যটক মতিউর রহমান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মতিউর রহমান হিটস্ট্রোকে মারা গেছেন।
চট্টগ্রাম
এদিকে চট্টগ্রামের পটিয়ায় হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ১২টার পৌর সভার ৮ নম্বর গোবিন্দারখীল এলাকায় এ ঘটনায় ঘটে।
জানা গেছে, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড মাঝের ঘাটার বাসিন্দা মোজাম্মেল হক (৭৫) পৌর সভার ৮ নম্বর গোবিন্দারখীল এলাকায় কাজে বের হয়ে রাস্তায় ইন্তেকাল করেন। পরে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পৌর কাউন্সিলর গোফরানা হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
