মানিকগঞ্জে অস্ত্রসহ ৬ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:১২

মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ সদর সার্কেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৬ জুন মধ্য রাতে সাটুরিয়া উপজেলার খলিলাবাদ এলাকায় সৌদি প্রবাসী ওয়াসিম মিয়ার বাড়িতে ৮/১০ জনের অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা প্রবাসীর স্ত্রী রাহেলা আক্তারসহ পরিবারের সদস্যদের মারধর করে। পরে বেশ কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্য মালমাল লুটে নেয়। এ ঘটনা থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চালায়।

আরও পড়ুন: পাকসেনাদের সঙ্গে রাঙামাটিয়া গ্রামে হত্যা-আগুন-ধর্ষণে মেতেছিল রাজাকাররা

তিনি আরও জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে প্রথমে ডাকাত দলের প্রধান সোহেল রানাকে (২৮) ধামরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার তথ্যের ভিত্তিতে আশুলিয়া, সাভার ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন (৩৬), আবু সাঈদ (২৭), মিরাজ (৩৪), মামুন (৫৫) ও রফিকুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান, ওসি (তদন্ত) আবুল কালাম আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে সদর সার্কেল হাফিজুর রহমান নিশ্চিত করেন। 

ইত্তেফাক/অনি