ষড়যন্ত্র ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করেছেন।
গত ৭ মার্চ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাত হোসেন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এ মামলার অপর আসামি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তিনি এর আগে গ্রেপ্তার হয়ে এখন জামিনে আছেন। আর পিনাকী ভট্টাচার্যকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা জানান, দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিচারের আওতায় আনা উচিত।
২০২২ সালের ১৫ অক্টোবর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক কে এম আবদুল্লাহিল মারুফ রমনা থানায় পিনাকী এবং অন্য দুজনের বিরুদ্ধে মামলাটি করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির নাম মামলা থেকে বাদ দেন তদন্ত কর্মকর্তা।
