মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৪:৩১

মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি থ্রি-হুইলারের চালকসহ ২ জন নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যকচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরিফ শিকদার (২৫) ও থ্রি-হুইলার চালক নড়াইলের সরাফাত মুন্সির ছেলে এনামুল মুন্সি (৩০)।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে থ্রি-হুইলার নিয়ে বালু আনার উদ্দেশ্যে বের হয় আরিফ ও এনামুল। এসময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় আসলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে তারা দুজনই থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের দুজনেই মৃত্যুর কথা নিশ্চিত করে ডাক্তার। 

এ ব্যাপারে সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন বলেন, ‘বালু টানার থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা গেছে। নিজেদের গাড়ীতে নিজেরাই মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। তারপরেও লাশ উদ্ধার করে মর্গে রাখা আছে। যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, অভিযোগ নেওয়া হবে।’

 

 

ইত্তেফাক/এসজেড