জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সকলের বাড়ির জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। এদের মধ্যে দুই জন পলাতক রয়েছেন।
জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, সাজাপ্রাপ্তরা হলেন— মো. আলাম, কালাম, মো. দোলা, ওসমান, কোরবান, আজাদুল, সাইদুল ইসলাম, মো. লাবু, বাবু, আমিনুর রহমান, ফারাজ মণ্ডল, মো. শুকটু, মো. উকিল, দুলাল হোসেন, সানোয়ার, আলীম হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং জহুরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে উকিল মিয়া ও জহুরুল ইসলাম এ মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, জমিজমার বিরোধে পূর্বশত্রুতার জেরে ২০০২ সালের ২২ নভেম্বর আসামিরা আব্দুর রহমানকে আসামি কালামের বাড়ির একটি কক্ষে আটকে রেখে প্রচণ্ড মারপিট করে। রাতে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি ওরফে ফারুক বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।
