টেকনাফে অপহরণের দুদিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উদ্ধার 

আপডেট : ০১ মে ২০২৪, ১৮:০২

কক্সবাজারের টেকনাফের নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সাইফকে দুদিন পরে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভির হাসান শিথিল। 

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ জাদিমুড়ার আবুল কালামের ছেলে আক্তার কামাল (১৬), নাজিরপাড়ার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে মো. সেলিম (৪৭), জাদিমুড়ার সৈয়দ হোছনের ছেলে মো. আব্দুল্লাহ (১৬), টেকনাফ  নয়াপাড়া, রেজিস্টার্ড ক্যাম্প,ব্লক-এ/৫ এর আবুল ফয়েজের ছেলে হাসান বশর (১৯) ও জাদিমুড়ার নুর আলমের মো. সাব্বির (১৭)।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) টেকনাফের হ্নীলা জাদিমুড়া নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসা নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. সাইফ (৯) প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। পরে মো. সাইফকে ফিরে পেতে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করেন অপহরণকারী চক্র।

ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক সমালোচনা তৈরি হয়। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। 

তিনি আরও বলেন, অপহরণের ঘটনাটি সম্পর্কে র‍্যাব-১৫ নজরে আসলে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

ইত্তেফাক/পিও