গাইবান্ধা সদর উপজেলায় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় শিমুল মিয়া (১৮) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক ট্রলি চালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার খোলাবাড়ি এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের শাহারুল মিয়ার ছেলে। তিনি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির (স্থানীয় ভাবে পাওয়ার টিলার নামে পরিচিত) চালক ছিলেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার নাসিম রেজা জানান, বুধবার সন্ধ্যায় শিমুল ধাপেরহাট থেকে ট্রলিতে আলু নিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় ট্রলিটি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে যায়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে লালমনিরহাট জেলার বুড়িমারী থেকে ছেড়ে আসা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভরতখালিগামী পাথর বোঝায় একটি ট্রাক সড়কে দাড়িয়ে থাকা ট্রলিটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে ঘুমিয়ে থাকা শিমুল মিয়া ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে ট্রাকটি ট্রলিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
