ব্যর্থতার 'বোতলে বন্দি' লিটন

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:৫৬

আবারো ব্যাট হাতে নামলেন লিটন কুমার দাস, আবারো ব্যর্থ হেয়ে মাথা নিচু করে সাজঘরে ফিরলেন। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচ থমকে যাওয়ার আগে আরো একবার হতাশ করেছেন লিটন। ফিরেছেন ৩ বলে ১ রান করে। ২৯ বছর বয়সি এই ডানহাতি ব্যাটারের এমন দৃশ্য দেখে-দেখে যেন অভ্যস্ত হয়ে গেছেন ভক্তরা! এখন হয়তো লিটনের আউট নিয়ে তেমন বেশি হা-হুতাশ করেন না তারা। আউটের এই দৃশ্যকে যেন সাধারণ বানিয়ে ফেলেছেন এক সময়ের ক্লাসিক ব্যাটার হিসেবে নজর কাড়া এই ক্রিকেটার। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রান করেছিলেন লিটন। ঐ ইনিংস বাদে বাংলাদেশের জার্সিতে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপরে আরো ১৯ বার মাঠে নামার সুযোগ পেয়েছেন। এর মধ্যে নেই কোনো সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি। ৪০ পেরুনো ইনিংস খেলেছেন কেবল দুটি। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ম্যাচ খেলে চারবারই ফিরেছেন ০ রানে। এর মধ্যে টেস্টের একটি ইনিংসও রয়েছে। এবার লঙ্কান বাহিনীর পরে জিম্বাবুয়ের বিপক্ষেও যেন একই দৃশ্য মঞ্চায়ন করলেন লিটন। তবে এবার তাকে শূন্য হাতে ফিরতে হয়নি, ফিরেছেন ১ রানে! ২.২ ওভারে মুজারাবানির করা গুড লেংথের বলে পুরোপুরি পরাস্থ হন তিনি। ব্যাট ও প্যাডের মাঝে এত বেশি ফাঁকা রেখেছিলেন যে, মুজারাবানির সুইং করা বলটি নির্বিঘ্নে গিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। চলতি বছরে ব্যর্থতার ভুত যেন লিটনের ওপরে একটু বেশিই চেপে বসেছে। শ্রীলঙ্কা সিরিজের মাঝে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন। সাদা পোশাকে তাকে ফেরালেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডিপিএলে নেমে চেষ্টা করেছেন নিজেকে খুঁজে ফেরার। আবাহনীর জার্সিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৬ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন। গাজী গ্রুপের বিপক্ষে করেছিলেন ৩৩ রান। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আবারো ভরসা রেখে নেওয়া হয়েছিল জিম্বাবুয়ে সিরিজে। যেন বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে ও দলকে মেলে ধরতে পারেন। কিন্তু লিটন তো ব্যর্থতার একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন।

২০২৪ সালে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন। এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজে ৩টি ও গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ১টি। এই চার ইনিংসে তার মোট রান ৪৪। যেখানে তিনবার আউট হয়েছেন ১০ রানের নিচে (০, ৭ ও ১)। লায়নদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছিলেন ৩৬ রান। কেবল সংক্ষিপ্ত ফরম্যাটে নয়, ওয়ানডে কিংবা সাদা পোশাকে যেন একই লিটনকে দেখেছেন ভক্তরা। কেবল ব্যর্থতার দিন ও ধরণ বদলেছে। ঠিক কবে রানে ফিরতে পারেন লিটন কিংবা ব্যর্থতার বোতল থেকে বেরিয়ে আসতে পারেন, সেটি যেন অজানা এক রহস্য। তবে ভক্তরা অপেক্ষা করেন লিটনের জন্য, তার রানের ফোয়ারার জন্য। জিম্বাবুয়ের করা ১২৪ রানের জবাবে নেমে লিটন যেভাবে হতাশ করেছেন, সেটি যেন আর না দেখতে হয়, এমনটাই প্রত্যাশা সকলের।

ইত্তেফাক/এসটিএম