মুন্সীগঞ্জে প্রিমিয়ার ফুটবলে মোহামেডান-চট্টগ্রাম আবাহনী খেলা হচ্ছিল মুন্সীগঞ্জে। তখন ঢাকায় মতিঝিলে ঘোরাফেরা করছেন মোহামেডান অধিনায়ক গিনির ফুটবলার সুলায়মান দিয়াবাতে। দলের সঙ্গ খেলতে যেতে পারেননি। জানতে চাইলে দিয়াবাতে বলেন, ৩ হলুদ কার্ড পেয়েছি। তাই এই ম্যাচে নামতে পারছি না। খেলতে পারব না বলে মুন্সীগঞ্জে যাওয়া হয়নি আমার। গরম কম থাকলে যেতাম।’
দিয়াবাতের দল মোহামেডান চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শুনে একটু হতাশ হলেন। ২৭ মিনিটে গোল করে ৭ মিনিটও লিড ধরে রাখতে পারল না। ৩৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী গোল শোধ করল। মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ম্যাচ শেষ হলো। জাফর ইকবালের গোলে এগিয়ে ছিল মোহামেডান, চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ডেভিড এফেগু গোল করে সমতা আনেন।
টানা তিন ম্যাচ জিতে মোহামেডান পর পর দুই ম্যাচ ড্র করল। আগের ম্যাচে পুলিশের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল মোহামেডান। ড্র করায় বসুন্ধরা কিংসের জন্য সুবিধা হলো। পয়েন্ট টেবিলে আরেকটু ব্যবধান হলো। ১৩ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে একাই শীর্ষে রয়েছে কিংস।
১৪ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে থাকলেও সেটি আজ নড়বড়ে হয়ে যেতে পারে। কারণ ১৩ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয় স্থানে রয়েছে। আজ আবাহনীর খেলা বসুন্ধরা কিংসের বিপক্ষে। কঠিন ম্যাচ হবে। আবাহনী জিতলে দুশ্চিন্তায় পড়বে মোহামেডান। কিংস জিতলে আরও ওপরে চলে যাবে।
আজকের খেলা
শেখ রাসেল-ফর্টিস। ৪টা, রাজশাহী। পুলিশ-রহমতগঞ্জ। ৪টা, ময়মনসিংহ। বসুন্ধরা কিংস-আবাহনী। ৫টা ৩০, কিংসের মাঠ।
