ময়মনসিংহের ফুলপুরে শেয়ালের কামড়ে মা-ছেলেসহ ৫ জন আহত হয়েছেন। রোববার (৫ মে) বেলা ৩টার দিকে পৌর শহরের সাহাপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মর্জিনা খাতুন (২৮) ও তার ছেলে রিফাত (১০)। রিফাত সাহাপুর এলাকার সোহেলের ছেলে।
জানা গেছে, মর্জিনা খাতুন বাড়ির উঠোন ঝাড়ু দেওয়ার সময় বন থেকে একটি শেয়াল এসে কামড় দেয়। তার চিৎকার ছেলে রিফাত মায়ের কাছে এলে তাকেও কামড় দেয়।
ভুক্তভোগী মর্জিনা খাতুনের স্বামী সোহেল বলেন, এখন তো মানুষ দিনের বেলায় ঘুমাতেও ভয় পাচ্ছে।
অপরদিকে চরপাড়া গ্রামের বেপারী বাড়িতে একইদিন সকাল ও সন্ধ্যায় তিনজনকে শেয়াল কামড় দিয়েছে। তারা হলেন ইসমা (২৬), হাজেরা খাতুন (৬০) ও ফরিদা (৫৫)।
বাড়ির গৃহস্থালি কাজ করার সময় অতর্কিত শেয়াল এসে তাদের কামড় দেয়। পরে শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি অফিসার আনোয়ার হোসেন বলেন, আহতদের রেবিস ভ্যাকসিন (হিউম্যান) দেওয়া হয়েছে।
