ভারতে ইভিএম নিয়ে সন্দেহ বিরোধীদের

আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:০০

লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে সম্প্রতি জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। গত বুধবার ভোটের প্রচারণায় গিয়ে সেই ইস্যুতেই সরব হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

মুর্শিদাবাদের ফারাক্কায় প্রচারণা মঞ্চে মমতা প্রশ্ন তোলেন—ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? সংখ্যাটা বাড়ল কী করে? তিনি বলেন, কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।

পশ্চিমবঙ্গের দুরন্ত বার্তা অনলাইনের এক খবরে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে, সেই তথ্য গত মঙ্গলবার প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে দেখা যায়, প্রায় ৬ শতাংশ করে ভোট বেড়েছে। এই বিষয়টিকে ‘গরমিল’ হিসেবে দেখছেন বিরোধীরা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশ্ন তুলে কমিশনে চিঠিও দিয়েছে তৃণমূল।

এদিকে গত ২৬ এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটগ্রহণকালে পশ্চিমবঙ্গের কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণে বিলম্ব হয়। জি-নিউজের এক খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের রায়গঞ্জের তিনটি বুথে ইভিএম খারাপ হওয়ার জন্য ভোটগ্রহণ দেরিতে শুরু হয়। রায়গঞ্জের ১২৯, ১৬৯ ও ১৭০ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ার কারণে ভোটারদের কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

ইত্তেফাক/এমএএম