৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২৪, ২১:৪০

সাভারের আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নূর ইসলাম (৩৭) নামে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার নূর ইসলাম গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত নূর ইসলাম ও ভুক্তভোগীর পরিবার একই বাড়িতে ভাড়া থাকতো। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলার সময় কৌশলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় প্রতিবেশী নূর ইসলাম। এ সময় শিশুটির মা অনেক ডাকাডাকি করেও খুঁজে পায়নি। প্রায় ১ ঘণ্টা পর শিশুটি নূর ইসলামের ঘর থেকে বের হয়ে আসে।

এ সময় শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা তার কাছে জানতে চায় কী হয়েছে। পরে শিশুটি বিষয়টি তার মাকে বলে। ঘটনাটি জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে অভিযুক্ত নূর ইসলামকে এলোপাথাড়ি মারধর করে।

পরে ভুক্তভোগী শিশুর বাবা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নূর ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নূর ইসলামকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ইত্তেফাক/এবি