শুক্রবারও মেট্রোরেল চলবে এমন সংবাদ আজ মঙ্গলবার (১৪ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টির সত্যতা জানতে ইত্তেফাক ডিজিটালের পক্ষ থেকে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি নিয়ে মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে কোনো পরিকল্পনা নেই।’
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা সপ্তাহে ছয়দিন নিয়মিত চলাচল করছে মেট্রোরেল।
মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
