বিশ্বকাপ দলে সাইফুদ্দিনের না থাকার কারণ জানালো বিসিবি 

আপডেট : ১৪ মে ২০২৪, ১৪:২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। খুব বেশি চমক নেই বিশ্বকাপ দলে। চমক বলতে গেলে কেবল মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকা। ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। এমনকি স্ট্যান্ডবাই হিসেবেও জায়গা হয়নি তার। মূলত পেসার তানজিম হাসান সাকিবের কারণে দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের।   

মঙ্গলবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাইফুদ্দিনকে দলে না রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে, প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘তানজিম সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমাদের ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’

ইত্তেফাক/জেডএইচ