ইচ্ছা শক্তির জোরে ৪০ বছর বয়সে এসে এসএসসি পাস করেছেন সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামের আব্দুর রহিম খাঁর ছেলে মিজানুর রহমান খাঁ ও তালা মহাল্লাপাড়া গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী ইমরান হোসেন লিয়াকাত।
এই দুই ব্যবসায়ীর মধ্যে কাজী ইমরামন হোসেন কাজী লিয়াকত ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের এসএসসি পরীক্ষায় তারা উভয়ই তালা উপজেলার খালিষখালী প্রিন্সিপাল আক্তারুজ্জামান সাইন্স এগ্রিকালচার, টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ থেকে জিপিএ ৪.৬৮ ও ৪.৮৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল হাতে পাওয়ার পর মিজানুর রহমান খাঁ বলেন, আমি এই বয়সে এসএসসি পাশ করায় আমার আব্বা-মা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। ছোটবেলা থেকে তাদের ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে চাকরি করব। কিন্তু ভাগ্য অনুকূলে না থাকায় সেটা আর হয়নি। তবে ব্যবসার পাশাপাশি মানুষের জন্য বিভিন্ন জনসেবামূলক কাজ করি।
অপরদিকে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইমরামন হোসেন লিয়াকতের মুঠোফোন মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রিন্সিপাল আক্তারুজ্জামান সাইন্স এগ্রিকালচার টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, তারা উভয়ই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আমাদের প্রতিষ্ঠানের এসএসসি ভোকেশনাল শাখা থেকে এ বছর এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ হয়েছে।
