প্রিমিয়ার লিগে বিদায়ের পথে ভিএআর

আপডেট : ১৭ মে ২০২৪, ১৩:০৯

খালি চোখে ফুটবল মাঠে হওয়া নানান সমস্যা সমাধানে আনা হয়েছিল ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি। তবে এই সমাধানটাই যেন দাঁড়িয়েছে মূল সমস্যা হিসেবে; যা নিয়ে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে ইউরোপের বিভিন্ন লিগ কর্তৃপক্ষরা। এর মধ্যে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে তো এই প্রযুক্তি বাতিল করতেই সোচ্চার হয়ে উঠে পড়ে লেগেছে।

চলমান মৌসুম প্রায় শেষের দিকে। তবে এই মৌসুমেই ভিএআরের যন্ত্রণায় যেন অতিষ্ঠ হয়ে উঠেছে ক্লাবগুলো। তাই পরবর্তী মৌসুমে এ সমস্যা থেকে বাঁচতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আয়োজন করবে এই প্রযুক্তির পক্ষে বিপক্ষে ভোট গ্রহণের। আগামী ৬ জুন প্রিমিয়ার লিগের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় নির্ধারণ হবে প্রিমিয়ার লিগে আগামী মৌসুম থেকে ভিএআর সিস্টেম থাকবে কিনা। সেখানে ২০ দলের মধ্যে কমপক্ষে ১৪টি দল এই প্রযুক্তির বিপক্ষে ভোট দিলে আগামী মৌসুম থেকে প্রিমিয়ার লিগে দেখা যাবে না এই রিভিউ সিস্টেম। 

প্রিমিয়ার লিগের চলতি মৌসুম জুড়ে নতুন এই প্রযুক্তি নিয়ে ছিল বিতর্ক। তবে গেল মাসে ওয়েস্ট হ্যাম ও উলভসের মধ্যকার ম্যাচে এই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে কয়েক গুণ। তার কারণে প্রিমিয়ার লিগ থেকে ভিএআর সিস্টেম বাতিলের জন্য লিগ কর্তৃপক্ষের কাছে আবেদন করে ক্লাবটি। ইংলিশ ক্লাব উলভসের পক্ষে এক বিবৃতিতে ভিএআর রিভিউ সিস্টেম নিয়ে বলা হয়, ‘প্রিমিয়ার লিগ ও সব দলের ওপর সম্মান রেখে আমরা ভিএআর সিস্টেম বাতিলের জন্য আবেদন করেছি। এখানে কারো দোষ নেই। আমরা সবাই ফুটবলে নিখুঁত সমাধান খুঁজছি।’

ইত্তেফাক/জেডএইচ