এ সময়ের চলচ্চিত্রের গল্প বদলে গেছে অনেকখানি। বদল এসেছে স্ক্রিনপ্লেতেও। এখন একঝাঁক তরুণ-তরুণী কাজ করছেন ফিল্মে। সদর্পে একের পর এক কাজ করছেন। তাদেরই একজন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন একটু একটু করে। চিত্রনায়ক সিয়াম আহমেদ।
সিয়াম তার চলচ্চিত্রের পাগলামি নিয়ে বলেন, ‘আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে পেয়েছি, অনেকে তো এতটা রুগ্ন অবস্থায় পায়নি। সেখান থেকে আমরা একমাত্র ফিল্মটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। নিজেদের ভেতরে অভিনয়ের তীব্র নেশা না থাকলে এটা সম্ভব হতো না।’
পূজা চেরী’র সাথে ‘পোড়ামন টু’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সিয়ামের। রায়হান রাফির পরিচালনায় সেই ছবির সাফল্যে একটি ত্রয়ী জুটি গড়ার সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তী সময়ে ত্রয়ী জুটি না গড়লেও রায়হান রাফির সাথে সিয়ামের একাধিক ছবি মুক্তি পায়। পরে এই জুটি ভেঙে যায় নাকি দূরত্ব তৈরি হয় তা নিয়ে অনেক গুঞ্জন চলে। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘রাফির সাথে আমার রেগুলার কথা হয়। আমরা দুজনই সিনেমা নিয়ে আলোচনা করি। এখন একসাথে আমরা সিনেমা শুরু করেছি। স্বপ্নটাও একসাথে বুনেছি। আবার হয়তো কোনো গল্পে আমাকে প্রয়োজন হলে একসাথে কাজ করবো।’
সিয়াম-পূজা জুটি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘দেখুন আমি আর পূজার অন স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধতা দিয়েছে। এখন আমি কোনোভাবেই চাইবো না আমাদের জুটিকে বেমানান লাগে তেমন একটি প্রজেক্ট করতে। তাই এমন কিছু প্রজেক্ট এসেছে, যেখানে পূজা চেরীর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু চরিত্র অনুযায়ী মনে হয়েছে—এর সাথে আমি যাচ্ছি না। তখন আমি সরে গিয়েছি। ঠিক একইভাবে আমার অনেক প্রজেক্ট এসেছে, যেখানে আমার সাথে পূজা চেরীকে চাওয়া হচ্ছিল। কিন্তু পরে যখন আমরা দেখেছি, আমাদের এই জুটির দর্শক যেভাবে চায় সেভাবে ঐ ছবিতে পাওয়া যাবে না, তখন পূজাকে রাখা হয়নি। তাই আমরা দুজন যখন আসবো, তেমন কিছু চমক লাগানো কাজ নিয়েই আসতে চাই।’
এবারের ঈদে একেবারে ভিন্ন লুক নিয়ে অনেকেই এক্সপেরিমেন্ট করেছেন। তেমনি নিরীক্ষা হয়েছে সিয়ামের নতুন ছবির লুক নিয়েও। ঈদে একেবারে জংলী লুকেই হাজির হচ্ছেন এই তারকা। এই লুক প্রকাশের সাথে সাথেই নেটিজেনদের ভেতরে তুমুল কৌতূহল তৈরি হয়। কেউ কেউ বলে বসেন পুষ্পা সিরিজ আসছে কি-না।
তবে সিয়াম যেকোনো কিছুকেই খুব পজিটিভলি সামাল দিতে ভালোবাসেন। সিয়াম বলেন, ‘দেখুন এদেশে যে এফোর্ট, যে কষ্ট, প্রতিবন্ধকতা নিয়ে একজন ডিরেক্টর কাজ করে, আমরা কাজ করি, সেটা অন্য কোথাও কল্পনা করা যাবে না।’
চলচ্চিত্রে সালমান শাহ’কে ঘিরে সিয়ামের মুগ্ধতা অনেক। এমনকি পোড়ামন টু-তে সালমান শাহকে ট্রিবিউট করে গানও রাখা হয়েছিল।
তাই সিয়াম যেন আগামী দিনের চলচ্চিত্রের কান্ডারিই হতে চাইছেন। সেইভাবেই নিজেকে প্রতিটি ছবিতে ভাঙার চেষ্টা করছেন। রোমান্টিক ইমেজ ভেঙে এম রহিম পরিচালিত ‘শান’ ছবিতেই জনরা পরিবর্তন করেছেন।
তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের নিয়ে কিছু সিনিয়ররা অভিমান করে বসেন। বছর খানেক আগে যেমন রিউমার ছড়ানো হলো শরীফুল রাজ ছবি প্রতি ৩০ লাখ টাকা হাঁকাচ্ছেন। অথচ রাজ কখনো কোনো অ্যামাউন্ট নিয়ে আলাপই করেননি!
ঠিক একইভাবে সিয়ামকে নিয়েও কেউ কেউ গুঞ্জন ছড়াতে চেষ্টা করেন যে, সিয়াম অনেক সিনিয়রদের অফার ফিরিয়ে দেন। এরকম গুঞ্জন নিয়ে সিয়াম নিজেই আক্ষেপ করে বলেন, ‘কখনোই আমি এটা শিখিনি যেখানে সিনিয়রকে অসম্মান করা হবে। আমার পরিবারই এই শিক্ষাটা আমাকে দেয়নি। হয়তো কেউ কেউ বড় বড় নির্মাতাদের রেফারেন্সে ছবির ব্যাপারে ফোন দেয়। তারা ফোন দিয়েই প্রশ্ন করে, আপনি ছবি প্রতি কত টাকা নেন। আমার তখনই মেজাজ খারাপ হয়। তার কারণ কারো সাথে ছবির গল্প ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনাই হলো না। তাকে আমি কেন আমার পারিশ্রমিক বলবো।’
জংলি হয়েই তবে কি ঈদে চমক লাগাবেন এবার? সিয়ামের সরল উত্তর, ‘দেখুন, আজ পর্যন্ত যা কিছু করেছি খুব নিষ্ঠা-সততার সাথে করেছি। তাই আমি আমার কাজে কতটুকু সৎ সেই বিচারে কাজ করে যাই। আমার দর্শকেরা যেন সেই নিষ্ঠাটুকু পর্দায় দেখতে পান।’
