বগুড়ার শেরপুরে বিপাশা রানী(২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শেরপুর থানার পুলিশ শনিবার রাতে বিপাশা রানীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত বিপাশা জেলার নন্দীগ্রাম উপজেলার মাড়িয়া গ্রামের বিপ্লব সরকারের মেয়ে।
বিপাশার ভাই বিশ্বজিত সাংবাদিকদের জানান, প্রায় ৩ বছর পূর্বে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রামের প্রশান্ত সরকারের সাথে বিপাশার বিয়ে হয়। বিয়ের সময় ৩ লাখ টাকা যৌতুক নেয় প্রশান্ত সরকার। কিন্তু বিয়ের পর থেকে বউ পছন্দ হয়নি বলে শ্বাশুড়ি ও পরিবারের অন্যরা নানাভাবে বিপাশাকে নির্যাতন করে। পরে বিপাশা বাধ্য হয়ে আদালতে মামলা করে। প্রায় ১ বছর পূর্বে বিপাশার স্বামী ও তার পরিবারের সদস্যরা ভুল স্বীকার করলে মামলাটি মীমাংসা করা হয়। বিপাশা ফিরে আসে স্বামীর সংসারে। কিন্তু কিছুদিন পর আবারো তা উপর নির্যাতন শুরু হয়।
আরও পড়ুন: শাহজালালে ২৮টি স্বর্ণবারসহ চীনা নাগরিক আটক
বিশ্বজিত অভিযোগ করেন, শনিবার বিকাল ৫টায় তার বোনকে হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে প্রশান্তের পরিবার। পুলিশ খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম জানান, বিপাশা রানীর মৃত্যুর ঘটনায় তার স্বামী ও পরিবারের অন্যদের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণার মামলা হচ্ছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআরএম
