পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৪:৪১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমন্তে বিএসএফের গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুই জন আহত হয়েছেন।

রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামে মৃত আহসানুল হকের ছেলে।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

স্থানীয়রা জানায়, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের নিকট দিয়ে রবিবার ভোররাতে এরশাদুল হকসহ ৭/৮ জনের একটি দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু পারাপার করতে থাকে। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় ১৪৮ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদলের সদস্যরা গুলি ছুঁড়ে।  এ সময় এরশাদুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে অন্যরা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার বলেন, ‘সীমান্তে অবৈধভাবে যাওয়ার সময় এরশাদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতের বড় ভাই সাইদুজ্জামান থানায় একটি অভিযোগ দিয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর-৬১ বিজিবির অধীন বুড়িমারী কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, ‘আমরা নিহতের ঘটনা জেনেছি। বিএসএফের সাথে যোগাযোগ ও পতাকা বৈঠকের ব্যাপারে কথা বলার চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এমআরএম