পুনরুদ্ধারের পথে এগোচ্ছে ইউরোপের অর্থনীতি

আপডেট : ২৫ মে ২০২৪, ০২:২৫

পুনরুদ্ধারের পথে ধীরে ধীরে এগুচ্ছে ইউরোপের অর্থনীতি। সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ইউরোজোনের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সামান্য প্রবৃদ্ধিতে ফিরেছে। আগের প্রান্তিকের তুলনায় যা দশমিক ৩ শতাংশ বেশি। প্রবৃদ্ধির হার কম হলেও টানা ছয় প্রান্তিকের তুলনায় এটি উল্লেখযোগ্য পরিবর্তন। 

এছাড়া যে মূল্যস্ফীতি চলমান সেখান থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পরিসংখ্যান অনুসারে, ইউরো অঞ্চলে মূল্যবৃদ্ধির হার স্থির ছিল। ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের পেছনে মূল ভূমিকা রেখেছে মুদ্রানীতি। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোও সুদহার কমিয়েছে। 

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ইউরো অঞ্চলে মূল্যবৃদ্ধির বার্ষিক হার ২ দশমিক ৪ শতাংশে স্থির ছিল। এটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ শতাংশ থেকে সামান্য বেশি। মূল্যস্ফীতি কমাতে গ্যাসের নিম্নমুখী দাম কিছুটা প্রভাব ফেলেছে বলে জানা গেছে। 

ইউরো অঞ্চলটিতে অন্যান্য খাতেও উন্নতি দেখা যাচ্ছে। বেকারত্বের হারও কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ইইউর বেকারত্বের হার ছিল ৬ দশমিক ১ শতাংশে। ইউরোপের উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলের অর্থনীতি দ্রুত বেড়েছে। ইতালি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে ফ্রান্স ও জার্মানি উভয় দেশকেই ছাড়িয়ে গেছে, যা সম্ভব হয়েছে ইইউর পুনরুদ্ধার তহবিলের কারণে। কোভিড-১৯ মহামারি চলাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত এ তহবিল সংগ্রহ চালু রয়েছে। দক্ষিণাঞ্চলের দেশগুলোর মূল্যস্ফীতির হারও কিছুটা কমেছে। 

এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর গ্যাসের উচ্চমূল্যের কারণে উত্তর ইউরোপ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান মূল্যস্ফীতির সমস্যা ধীরে ধীরে কমছে। এ অবস্থায় মুদ্রানীতি ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করছে। মহাদেশটির কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে সুদহার কমিয়েছে।

ইত্তেফাক/এএইচপি