‘আসামিরা এলাকায় ঘুরছে, পুলিশ ধরছে না’

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:২৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রীর ধর্ষক সুজন আলীকে গ্রেফতারসহ মামলার অন্য আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। 

রবিবার দুপুর ২টায় বৃষ্টিতে ভিজে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী বাজারে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী, দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ওই স্কুলছাত্রীর বাবা-মা-ভাইসহ স্কুলের শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে দিনদুপুরে স্কুল থেকে ফেরার পথে রাস্তা তুলে নিয়ে ধর্ষণ করার পর ধর্ষক এখনও পলাতক। মামলার ৫ জন আসামির মধ্যে ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। দুইজন এলাকায় প্রকাশ্যে ঘুরছে। পুলিশ তাদের ধরছে না। 

দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ধর্ষক যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের কাছে তিনি সব আসামিকে গ্রেফতারের দাবি জানান। 

আরও পড়ুন: আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ১১

উল্লেখ্য, গত ৪ জুলাই ১০ম শ্রেণির ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে ধর্ষণ করে সুজন আলী নামে এক যুবক। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ বাকি আসামিদের গ্রেফতার তৎপরতা চালানোর কথা বললেও ভিকটিমের পরিবার বলছে আসামিরা এলাকা ঘুরছে। তাদের ধরা হচ্ছে না। 

ইত্তেফাক/অনি