মিস বুয়েনস এইরেস খেতাব পাওয়ার পর প্রথমবার আলোচনায় আসেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী আলেহান্দ্রা রদ্রিগেজ। পেশায় আইনজীবী ও সাংবাদিক আলেহান্দ্রার তার বয়সের কারণে আলোচনায় আসেন। কিন্তু তার চলতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হলো না। কারণ তিনি মিস আর্জেন্টিনা খেতাব জিততে পারেননি।
তবে হতাশ নন আলেহান্দ্রা। তিনি মনে করেন, তার এই যাত্রা পুরোটাই ছিল সমাজে প্রচলিত ধারণা পরিবর্তনের প্রথম ধাপ।
এপ্রিলে আর্জেন্টিনার আঞ্চলিক প্রতিযোগিতা মিস বুয়েনস এইরেস খেতাব জেতার পর প্রথমবার আলোচনায় আসেন আলেহান্দ্রা। গত শনিবার অনুষ্ঠিত হয়েছে মিস আর্জেন্টিনা প্রতিযোগিতার আসর। এখানে জিততে পারলেই তার সামনে সুযোগ ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে প্রতিনিধিত্ব করার। কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল।
মিস আর্জেন্টিনার আসরে জিততে না পারলেও তিনি নির্বাচিত হয়েছেন চলতি আসরের সেরা মুখ। সিএনএন স্প্যানিশকে আলেহান্দ্রা বলেন, ‘এটি পরিবর্তনের প্রথম ধাপ। আমি আশা করি আমার এই অবদান সমাজের বয়স্ক নারীদের অনুপ্রাণিত করবে। সবসময় বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়। সুন্দরী নির্বাচনের ক্ষেত্রে এ প্রক্রিয়াটি ভুল তা আমি বলব না। তবে আমি মনে করি সৌন্দর্যের ধারণা আরও প্রসারিত হওয়া দরকার।’
চলতি আসর থেকে প্রতিযোগীদের বয়সের সীমা তুলে নিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। ২০২৩ সাল পর্যন্ত প্রতিযোগীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়ার শর্ত ছিল। বয়স সম্পর্কিত নিয়ম পরিবর্তন করার পরেই আলেহান্দ্রার অংশগ্রহণ সম্ভব হয়।
প্রথমবার ৬০ বছর বয়স্ক প্রতিযোগী হিসেবে কোনো খেতাব জিততে পারায় তিনি আনন্দিত। নিয়মের পরিবর্তনকে তিনি সাজের জন্য ইতিবাচক বলেই মনে করেন। ১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বুয়েনস এইরেসের খেতাব জিতেছিলেন আলেহান্দ্রা। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার।

