রাজধানীতে মলম পার্টির তিন সদস্য গ্রেপ্তার  

আপডেট : ০১ জুন ২০২৪, ১৭:৫৩

রাজধানীর উত্তরা থেকে মলম পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খোকন, মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু ওরফে মো. হীরা ও সবুজ মিয়া।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, গত ১০ মে বিকালে এক ভুক্তভোগী ঠিকাদারি কর্মচারীদের বেতন দিতে হেড অফিস থেকে ১ লাখ ২২ হাজার টাকা নিয়ে কাকলী থেকে বাসে ওঠেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। সে সময় বাসে একজন হকার ওঠে। সে বাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির জন্য যাত্রীদের উদ্দেশে কথা বলেন। ওই হকার তখন প্রত্যেক যাত্রীকে পড়ার জন্য একটি করে বই দেয়। ভিকটিম বইটি পড়ার সময় তার চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। এরপর হকার কিছু যাত্রীকে একটি করে চকলেট জাতীয় ওষুধ ও পানি দিয়ে খেতে বলে। হকারের কাছ থেকে ওষুধ ও পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ভুক্তভোগী।

জ্ঞান ফিরলে দেখেন তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি। তার কাছে থাকা কাটা, মানিব্যাগ, মোবাইল ফোন ও এয়ারপোর্ট সিকিউরিটি পাস কিছুই নেই।

এ ঘটনায় ভুক্তভোগী ডিএমপির তুরাগ থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

ইত্তেফাক/ডিডি