বিআইজেএফ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  

আপডেট : ০২ জুন ২০২৪, ১৯:৪৫

তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী সাংবাদিকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। সম্প্রতি টানা সাড়ে ৫ ঘণ্টাব্যাপী সদস্যদের স্বতঃস্ফূর্ত মত প্রকাশের মধ্য দিয়ে সভা শেষ হয়।

সভাপতি নাজনীন নাহারের সভাপতিত্বে রাজধানীর কারওয়ান বাজারের ভিশন টাওয়ার সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন।

সাধারণ সম্পাদক সাব্বিন হাসান বলেন, চলতি কার্যনির্বাহী কমিটি সংগঠনের কাঠামোগত ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে যথাসাধ্য পদক্ষেপ নিয়ে তা গুরুত্বের সঙ্গে সম্পাদন করেছে। কমিটিতে নবীন-প্রবীণ মিলিয়ে সাতজন ছিল নতুন মুখ। নিজেদের প্রথম লক্ষ্য ছিল কোষাধ্যক্ষের পদকে সক্রিয়, কার্যকর ও দৃশ্যমান করা। ফলে সাধারণ সদস্যদের কাছে আর্থিক স্বচ্ছতার বিষয়টি সুস্পষ্ট হয়। সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় আইডি কার্ডের প্রচলন ও সুযোগ-সুবিধাসহ সংগঠনের নিজস্ব ওয়েবসাইটের উন্নয়নে কাজ চলছে। সদস্যদের দক্ষতা উন্নয়নসহ ইন্ডাস্ট্রিতে সংগঠনের ইনক্লুশনে বর্তমান কার্যনির্বাহী কমিটির উদ্যোগ ও প্রাপ্তির কথা জানান সাধারণ সম্পাদক।

সভার শুরুতেই সাংবিধানিক ধারাবাহিতা রক্ষায় কণ্ঠভোটে অ্যাডহক কামিটির করা ২০১৯-২২ বছরের অর্থ প্রতিবেদন পাস করা হয়।

সভাপতি নাজনীন নাহার বলেন, বর্তমান নির্বাহী কমিটি সাংগঠনিক সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছে। সদস্যদের মত প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপে সমালোচনার সুযোগ ছিল উন্মুক্ত। সংগঠনে যুক্ত হতে আগ্রহী সদস্যদের আবেদন প্রক্রিয়াকে সহজীকরণ করা হয়েছে। সদস্যপদ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, মতভিত্তিক ও গঠনতান্ত্রিক।

সভায় সদস্যদের জন্য প্রথমবার নির্বাহী কমিটি থেকে ‘কল্যাণ তহবিল’ গঠনে আনীত বিল সর্বসম্মতিতে পাস হওয়ার পর অধিকাংশ সদস্যই দ্বিগুণ হারে বার্ষিক ফি প্রদানে সম্মত হন।

গঠনতন্ত্র হালনাগাদ করতে খসড়া উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরমান। গঠনতন্ত্র নিয়ে বিশদ আলোচনা শেষে সদস্যদের মতের ভিত্তিতে আরও পরিমার্জিত আরেকটি খসড়া প্রণয়নে সিদ্ধান্ত হয়। সদস্যের অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে বার্ষিক সাধারণ সভায় তাদের মতামত ব্যক্ত করেন। সদস্যরা যথাযথ আর্থিক প্রতিবেদন, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের জন্য নির্বাহী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হকসহ সংগঠনদের দুই-তৃতীয়াংশ সদস্য অংশ নিয়েছেন।  

ইত্তেফাক/ডিডি