ক্রিকেট নিয়ে উন্মাদনা নতুন কিছু না। পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা মানুষ নিজ নিজ দেশের মানুষের সাথে একাত্ম হয়ে যায় এই ক্রিকেট-ফুটবল দিয়েই। ক্রিকেটারদের নিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জনাতে তেমনই এক অভিনব আয়োজন করেছেন নগদের প্রধান নির্বাহী তানভীর এ মিশুক।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে রেমিট্যান্স দেশে পাঠানো এমন কিছু প্রবাসীদের সম্মাননা জানাতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজদের নিয়ে হাজির হন তানভীর এ মিশুক। এ সময় উড়োজাহাজে থাকা যাত্রীরা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। কারণ সবসময় যাদের টেলিভিশনের পর্দায় দেখেন, তাদের নিজের চোখের সামনে দেখে সবাই আনন্দে আত্মহারা।
এ সময় নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বলেন, ‘আপনারা সবাই দেশের রিয়েল হিরো, আপনাদের সম্মান জানাতে আমাদের ক্রিকেটের হিরোরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের কারণে দেশের অর্থনীতির ভিত শক্তিশালী হচ্ছে, তাই আপনাদের জানাই স্যালুট।’
এরপর উড়োজাহাজে থাকা যাত্রীরা একে একে নেমে আসতে থাকেন, তখন তাদের ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ।
এ সময় রেমিট্যান্স যোদ্ধাদের উদ্দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশের যদি কেউ আসল হিরো হয়ে থাকে, এটা হলেন আপনারা। বাংলাদেশের জন্য আপনারা যা করেছেন, তা আন্তরিকভাবে করতে থাকবেন। কারণ আপনারা যদি ভালো থাকেন, তাহলে বাংলাদেশ ভালো থাকবে।’
প্রবাসীদের সম্মাননার সময় আবেগাপ্লুত একজন প্রবাসী আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বাবা-মাকে রেখে বিদেশ, এরপর দুইজনই চলে গেছে, কাউরেই দেখতে পারি নাই।’ এমন সম্মাননায় তিনি অনেক খুশি ও সম্মানিত বোধ করেছন বলেও জানান।

