মুজিববর্ষে মাদারীপুরে জমিসহ ঘরের চাবি পেয়ে খুশি হতদরিদ্ররা

আপডেট : ১৫ জুন ২০২৪, ১৯:৪৭

মাদারীপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ ঘর পেয়ে খুশি হতদরিদ্ররা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১১ জুন) সকালে সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে হতদরিদ্রের মাঝে চাবি বুঝিয়ে দেন প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ৫ জনের হাতে জমিসহ ঘরের চাবি দেওয়া হলেও উপজেলায় পর্যায়ক্রমে মোট ৩২০ জন অসহায় মানুষকে দেয়া হবে প্রধানমন্ত্রীর বিশেষ এই সুবিধা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষ। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ অনেকেই।

সুবিধাগ্রহণকারী জাহাঙ্গীর ফরাজী বলেন, আমার জমি ছিল না, ঘরও ছিল না। আজকে জমিসহ ঘর পেয়ে খুব খুশি। এখন মাথা গোঁজার একটু ঠাঁই হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। তিনি যেন আমার মতো হতদরিদ্রদের পাশে সারাজীবন দাঁড়াতে পারেন।

আরেক হতদরিদ্র নুরুল হক হাওলাদার বলেন, অনেক কষ্ট করে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করতাম। এখন নতুন ঘরে পেয়ে খুবই ভাল লাগছে। পরিবার নিয়ে শান্তি মতো বসবাস করতে পারবো। পরিবারের সবাই খুশি।

মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, আপাতত আশ্রয়ণ প্রকল্পে থাকা মানুষদের ঘর মেরামত করে জমিসহ ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা এসে সেই মোতাবেক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, হতদরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে জমিসহ ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলাকে ভূমিহীন মুক্ত রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

ইত্তেফাক/এসকে