যশোরে আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা ইসলাম। বুধবার (১২ জুন) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে এ মামলা করেন।
বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী রুহিন বালুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বাদী তাসলিমা ইসলাম একজন বিধবা নারী। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশুবিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য। দলীয় কর্মী হিসেবে তার সঙ্গে জনির সুসম্পর্ক রয়েছে। জনি প্রায় তাসলিমার বাড়িতে যেতেন। তাসলিমার পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থাকায় আইনগত পরামর্শের জন্য জনিকে অনুরোধ করেন। এরপর জনি গত ১০ জুন সাড়ে ৮টার দিকে তাসলিমার বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ ছিল না। আলোচনার একপর্যায়ে জনি আকস্মিক তাসলিমাকে জড়িয়ে ধরে গালে, বুকে চুমু দেয় এবং নিতম্ব স্পর্শ করে। এ সময় তাসলিমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং গালিগালাজ করলে জনি দ্রুত ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে চলে যায়। এ অবস্থায় ন্যায়বিচার পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছেন তিনি।
মামলার বিষয়ে আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি সাংবাদিকদের বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে ঐ নারীকে আমি চিনি না। নারী কোর্টের পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মঙ্গলবার যে মামলা হয়েছে আমি তার পিটিশনকারী। রাজপথে আন্দোলনও করেছি। এ জন্য একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করতে মামলা করেছে বলে মনে করছি।

যশোরে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটরকে মারধরের অভিযোগ