বাগেরহাটে গণধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:২৫

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কিশোরীকে গণধর্ষণ ও সেই ছবি মোবাইলে ধারণ করে প্রচার করার মামলায় ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

একই সাথে দুই ধর্ষকের প্রত্যেকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়া পর্ন্যগ্রাফি আইন-২০১২ এর ৮ (৬) ধারায় আসামিদের আরো সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়গাওলা গ্রামের মোহসীন মোল্লার ছেলে আব্দুর রহীম মোল্লা (২৩) এবং একই গ্রামের মৃত আবুবক্কর শিকদারের ছেলে জাহিদুল শিকদার (২২)।

আরও পড়ুন: রংপুরে ৩ রোহিঙ্গা নারী আটক

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৭ সালের ২৩ জুন বিকেলে আসামিরা বড়গাওলা গ্রামের এক কিশোরীকে (১৫) ঘরে ঢুকে গণধর্ষণ এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। তিন মাস পরে ৬ সেপ্টেম্বর নির্যাতিত কিশোরী বাদী হয়ে মোল্লাহাট থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ আসামিদের আটক করে জেল হাজতে পাঠায়। তদন্ত শেষে একই বছরের ২৭ নভেম্বর তৎকালীন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনাম দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ইত্তেফাক/আরকেজি