‘তুফান’ বিশ্বমানের একটা সিনেমা: জুনাইদ আহমেদ পলক

আপডেট : ১৯ জুন ২০২৪, ১৩:২৩

ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুর আলোচিত সিনেমা ‘তুফান’। সোমবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই তুফান দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। মঙ্গলবার রাতে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটি সপরিবারে দেখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় প্রতিমন্ত্রী সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রতিক্রিয়া জানান।

পলক বলেন, ‘তুফান! এক কথায় বলতে গেলে উরাধুরা। এতে রয়েছে ফুল অফ ইমোশন, এন্টারটেইনমেন্ট ও টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম, তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে ফিরে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন। 

যেই জায়গাটাতে আমরা শাকিব খানকে দেখি, তুফান সিনেমার মধ্য দিয়ে শাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন যে, শাকিব সেরাদের সেরা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে ডিরেকশন, অভিনয়, মিউজিক, অ্যাকশন, নিয়ে ‘তুফান’ একটি চমৎকার সিনেমা। আমরা এখন বলতে পারি, চলচ্চিত্রে যেকোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারি।’

এদিকে প্রতিমন্ত্রী পলকের সহধর্মিণী আরিফা জেসমিন (কনিকা) বলেন, ‘আমি জওয়ান দেখে বলেছিলাম সিনেমাটি আবার দেখতে হবে। এবার তুফান দেখে বলছি কয়েকবার দেখতে হবে।’

প্রতি ঈদেই সপরিবারে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে যান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবারও বাদ যাননি তিনি। মঙ্গলবার সপরিবারে দেখেছেন আলোচিত সিনেমা ‘তুফান’।

ইত্তেফাক/পিএস