ঈদের ছুটিতে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ এক কিশোরের মরদেহ ২৯ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মোহাম্মদ তারেক (১৪) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাসুদ রানা বলেন, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁওর শাহ ফকির বাজার এলাকার ৭ কিশোর বন্ধু মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘুরাঘুরির এক পর্যায়ে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এসময় স্রোতের টানে কিশোর তারেক ভেসে যায়।
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে বিচকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত কিশোরের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছে।
