আংটিবদলের খবরে চমক দিলেন চমক

আপডেট : ২০ জুন ২০২৪, ১৫:৩৯

ঈদে চমক দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের পছন্দের মানুষটির সঙ্গে বাগদান হয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৮ জুন) রাতে ভক্তদের আংটিবদলের খবর দিয়ে জানিয়েছেন শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি।

বাগদানের ছবি শেয়ার করে ফেসবুকে চমক লিখেছেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা, আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে হবু স্বামীকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে। 

এদিকে বাগদানের পরপরই এই জুটি শ্রীলংকায় উড়াল দিয়েছেন। সেখানেই নিজেদের সময় কাটাচ্ছেন। এবারের ঈদও শ্রীলংকায় উদযাপন করেছেন অভিনেত্রী ও তার হবু স্বামী। 

অন্যদিকে এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না।

অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। 

অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, সে আমাকে এভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। 

তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই ছোট জীবনে মানুষ কত খারাপ চিন্তা করে। হিংসা-বিদ্বেষ আরও কত কিছু। এত কিছু বাদ দিয়ে আসুন আমরা চেষ্টা করি সবার জায়গা থেকে ভালো থাকার। 

আপনার জীবনে অনেক হতাশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিল থাকতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা করুন। অন্যরা যখন ভালো থাকে, তাদের অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা সুন্দর।’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fchamakofficial%2Fposts%2F984154913713958&show_text=true&width=500" width="500" height="684" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’ ইত্যাদি। 

 

ইত্তেফাক/পিএস