নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার ভাতিজা দেওয়ান বাবুলসহ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) বিকালে উপজেলায় কলাতলী এলাকায় ৮ নম্বর ওয়ার্ডে বাদশার ক্যাম্পে আইয়ুবের বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও গ্রামে উঠান বৈঠক শেষে ফেরার পথে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে আইয়ুবের বাগানবাড়িতে যান মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। এ সময় জগ প্রতীকের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার ভাই শফিকুলসহ তার সর্মথকরা মিছিল নিয়ে যাচ্ছিল। কোনো উস্কানি ছাড়াই মেয়র প্রার্থী রফিকের উপস্থিতিতে বাদশার ভাতিজা দেওয়ান বাবুলসহ তার লোকজনের ওপর হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ পিটিয়ে ১০ জনকে আহত করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আহত দেওয়ান বাবুল বলেন, মেয়র প্রার্থী রফিক নির্দেশ দেয় ওইটা বাদশার ভাতিজা ওরে ধর। আমার সঙ্গে থাকা মোবাইল প্রতীকের স্টিকার নিয়ে যায়। তখন শফিক আমার মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যায়। তারপর আমি মাটিতে পড়ে যাই।
অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, দু’গ্রুপের সংঘর্ষে হামলার সৃষ্টি হয়। আমাদের লোকদের ওপরও হামলা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটারর্নিং অফিসার ইস্তাফিজুল আকন্দ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
