এক সময় নাটক মানেই মোশাররফ করিম থাকলেও ওয়েব সিরিজ ও সিনেমায় মনোযোগী হওয়ায় সেই সংখ্যা দিন দিন কমছে। তবে বিশেষ দিনগুলোতে একাধিক কাজ নিয়ে হাজির হন তিনি। এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক দর্শকদের উপহার দিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
সেই তালিকায় থাকা ‘বাদী যখন বেগম’ টেলিফিল্মটি বাংলাভিশনে প্রচারিত হবে আজ দুপুর ২টা ১০ মিনিটে। জুয়েল এলিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামস করিম। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট তারিখে মিজানকে আদালতে হাজিরা দিতে হয়। সে ওই মামলার আসামি আর বাদী তারই স্ত্রী রুমা। দুর্ভাগ্যক্রমে সেই স্ত্রীকে নিয়ে ঘর করতে হয় তার আদালতের নির্দেশে।
জনশ্রুতি আছে যে, বিয়ের রাতে বড়লোকের আদুরে মেয়ে রুমার যে পৌষ্য কুকুরটি সঙ্গে চলে এসেছিল বিড়াল মনে করে তার মাথায় আঘাত করেছিল মিজান। যে কারণে রুমার আদুরে কুকুরটি তিনদিন আইসিউতে থাকার পর মারা গিয়েছিল। সেদিনই রুমা বুঝে ফেলে দেখতে মেন্দা ভেজাবেড়াল লোকটি তাকে বিয়ের পর ডমিনেট করতেই এহেন কাজটি করেছিল। তাই লেট না করেই বন্যপ্রাণী আইনে মিজানের নামে মামলা ঠুকে দেয়।
এদিকে প্রতিদিন বিভিন্ন ছুতোয় মিজানের ওপর রুমা এটা ওটা ছুড়ে মারে। কিন্তু দুভার্গ্যজনকভাবে সবগুলো আইটেমই স্পিন বলের মতো তার ডান-বামপাশ দিয়ে লেগ ব্রেক গুগলি হয়ে বেরিয়ে যায়।
