উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে বসিয়ে নিজের উপহার করা গাড়ি চালিয়ে পিয়ংইয়ংয়ের রাস্তা দাপিয়ে বেরিয়েছেন পুতিন। আর ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এই ভিডিও প্রথম প্রচার করে। এতে দেখা যায়, ক্রেমলিন নেতা চালকের আসনে বসে আছেন। চালকের পাশের যাত্রীর আসনে বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। দু’জনেই হাসিমুখে কথা বলছেন। গাড়িটি ম্যানিকিউরড পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল।
পরে জঙ্গলে ঘেরা একটি এলাকায় গাড়ি থেকে নেমে দুজনকে হেঁটে হেঁটে গল্প করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাস গাড়ি কিম জং-উনকে উপহার দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। দুই দেশের পক্ষ থেকেই তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। আর এবার একই মডেলের আরেকটি গাড়ি তাঁকে উপহার দেওয়া হলো। এর মানে হলো, কিম জং-উনের গ্যারেজে এখন অন্তত দুটি অরাস গাড়ি রয়েছে।
গাড়ি নিয়ে কিমের বিপুল আগ্রহ রয়েছে। তাঁর নিজের সংগ্রহে বেশ বড়সংখ্যক বিদেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। সম্ভবত এই গাড়িগুলো চোরাচালানের মাধ্যমে উত্তর কোরিয়ায় আনা হয়েছে। কারণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে বিলাসবহুল পণ্য রপ্তানি করা নিষিদ্ধ।
এদিকে পুতিনকে এক জোড়া কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম। কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় কুকুর দুটিকে রাখা হয়েছে। পুতিনকে সেগুলো দেখাচ্ছেন কিম। একটি ঘোড়া নিয়েও মেতে থাকতে দেখা যায় দুজনকে।
পুতিনের পিয়ংইয়ং সফরকালে গত বুধবার রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।

১৮ জুন উত্তর কোরিয়াতে পা রাখার পর দিনই পুতিন বৈঠক করেছেন সেদেশের নেতা কিম জং উনের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর সামরিক চুক্তি সই করেন দু’জন। রাশিয়া কিংবা উত্তর কোরিয়াতে, অন্য দেশ আক্রমণ হানলেই একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম।
