রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী। আজ রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে, ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদাম ঘর ধ্বংস হয়েছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পরেই ইউক্রেনের নৌ বাহিনী এসব ছবি পোস্ট করেছে।
তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভে নৌ কর্মকর্তারা বলেছেন, হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং শিক্ষানবিশ ক্যাডেট নিহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েভের নৌ কর্মকর্তারা বলেছেন, এই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ১১৪টি ড্রোন ভূপাতিত করেছে। রশ কর্মকর্তারা বলেছেন, ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছে। তবে ড্রোন ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
