টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত, টিকে থাকলো বাংলাদেশ 

আপডেট : ২৫ জুন ২০২৪, ০০:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কাগজে-কলমে টিকে আছে বাংলাদেশ। কিন্তু সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া জিতলেই বাদ পড়তো টাইগাররা। তবে ভারতের কাছে ২৪ রানের হেরেছে অজিরা। এতেই সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে থাকলো বাংলাদেশের। 

সেইসঙ্গে সুপার এইটে টানা তিন সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। আর হারলেও এখনো বিশ্বকাপ শেষ হয়ে যায়নি অস্ট্রেলিয়ার। বেশ রোমাঞ্চ অপেক্ষা করছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর অজি বোলারদের ওপর চড়াও হন রোহিত শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ফিফটি তুলে নেন ভারতের অধিনায়ক। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত। ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর সূর্যুকুমার যাদবের ১৬ বলে ৩১ ও হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ২টি উইকেট। 

২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তার বিদায়ের পর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ট্রাভিস হেড।

ভারতের বোলারদের ওপর চড়াও হন হেড। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মার্শকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন হেড। তবে দলীয় ৮৭ রানে ২৮ বলে ৩৭ রান করে আউট হন মার্শ।

মার্শের বিদায়ের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান হেড। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দলীয় ১৫০ রানে ৪৩ বলে ৭৬ রান করে আউট হন হেড। তার বিদায়েই ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করতে সক্ষম হয় অজিরা। ভারতের পক্ষে আর্শদিপ সিং নেন ৩টি উইকেট।     

ইত্তেফাক/জেডএইচ