জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মেয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার প্রথম জানাজা আজ বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মেয়ে অধ্যাপক মেহেরুন আহমেদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
কাজী সালেহ আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার।
