বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল তাদের দল খেলেছে এ বারের দুই ফেভারিটের সঙ্গে। শ্রীলঙ্কা হেরেছে ভারতের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচের পর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বেছে নিলেন তাদের পছন্দের চ্যাম্পিয়নকে।
কী তাদের পছন্দ? শ্রীলঙ্কা অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে মনে করেন, বিরাট কোহালির হাতেই এবার বিশ্বকাপটা উঠবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ধারণা, অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসটাই অ্যারন ফিঞ্চদের এগিয়ে রাখছে।
ভারতের কাছে হারের পর করুণারত্নে পরিষ্কার বলে দিয়েছেন, ‘ভারতের বিশ্বকাপ জেতার সব চেয়ে ভালো সুযোগ আছে। ওদের হারাতে গেলে বিপক্ষ দলকে খুবই ভালো খেলতে হবে।’
আরও পড়ুন : রাঙামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২
অন্যদিকে ডু প্লেসিস বলেছেন, ‘বিশ্বকাপে খেলতে এলেই অস্ট্রেলিয়া যেন অন্য দল হয়ে যায়। ওদের আত্মবিশ্বাসটাই অন্য পর্যায়ে পৌঁছে যায়। এই আত্মবিশ্বাসটা যেন অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ডটাই বলে দেয়, এই প্রতিযোগিতায় কতটা ভয়ঙ্কর ওরা।’
আপনার চোখে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার তাহলে কে? প্রশ্নের জবাবে ডু প্লেসিস বলেছেন, ‘ভারত, অস্ট্রেলিয়া দুটো দলই বুঝিয়ে দিয়েছে, বড় ম্যাচ জেতার ব্যাপারে ওরা বাকিদের চেয়ে অনেক এগিয়ে। তাই অস্ট্রেলিয়া না হলে ভারতই এ বার ট্রফি নিয়ে যাবে।’
অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে যেখানে আত্মবিশ্বাসের কথা বলেছেন ডু প্লেসিস, সেখানে করুণারত্নে ভারতের উত্থানের নেপথ্যে দেখাচ্ছেন বিরাটদের দেশের ক্রিকেট কাঠামোকে। শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, ‘ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামোটা খুবই ভাল। যেখান থেকে ক্রিকেটার উঠে আসে। তাছাড়া ওদের আইপিএলও আছে। আশা করব, আমাদের প্রশাসকরা ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে ভারতের ব্যাপারটা মাথায় রাখবে।’
পাশাপাশি শ্রীলঙ্কা অধিনায়ক তার দলের ব্যাটসম্যানদের পরামর্শও দিয়েছেন রোহিত শর্মার ইনিংস থেকে শিক্ষা নিতে। করুনারত্নে বলেন, ‘রোহিত যখনই একটা ভাল শুরু করে, তখনই বড় রান করে মাঠ ছাড়ে। রোহিত একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। ও ভালই জানে, কোন বোলারকে মারতে হবে আর কোন বোলারকে সম্মান দিতে হবে।’
ইত্তেফাক/কেআই
