১০ কার্যদিবস পর ডিএসইতে ৫০০ কোটি টাকা লেনদেন

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:৩২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে দিয়ে টানা ১০ কার্যদিবস পর এই বাজারে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল। এদিন ডিএসইতে লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৬২টির। আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির দর। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪১.৮৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৬.৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৯.৫৫ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭৭.৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি ডিএসইতে এদিন লেনদেনও বেড়েছে। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্গে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: ইউনিলিভার কনজ্যুমার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, ক্যাপটিভ গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ফরচুন সুজ।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৯৬টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১১ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২১ কোটি ১৯ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম