বিয়ে করা হলো না প্রদীপের, পাত্রী দেখতে গিয়ে সড়কে নিহত ভাইবোন

আপডেট : ২৬ জুন ২০২৪, ২০:০১

পাবনায় বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রদীপ হালদার (২৮) ও তার বোন শম্পা রানী (২৪)। এ ঘটনায় প্রদীপের পরিবারের আরও ৫ সদস্যসহ সিএনজি চালক আহত হয়েছেন। 

বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার ধোপাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা সদর থানার ওসি রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি পাবনার দিকে যাচ্ছিলো। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর ৭ জন যাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন বেড়া পৌর এলাকার শালকিপাড়া মহল্লার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার ও মেয়ে শম্পা রানী। 

দুর্ঘটনায় আহত অনুরাধা ধর জানায়, তার মামা নিহত প্রদীপের জন্য পাত্রী দেখতে পরিবারে ৬ সদস্য সিএনজিতে করে পাবনায় যাচ্ছিলেন।
 
মাধপুর হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই শহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ৩ জন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/এসএ/পিও