নারায়ণগঞ্জের বন্দরে মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লাসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের উপদেষ্টা কবির হোসেন, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহসভাপতি এসএম শাহীন, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ সেন্টু, বন্দর প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক জিএম সুমন, বন্দর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য মাহফুজ আনাম জাহিদসহ অনেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের সহসভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল্লাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতিগুলো তুলে ধরেন। অথচ কালো টাকার মালিকদের উস্কানিতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের সদস্য সফুরউদ্দিনের বিরুদ্ধে মনদপুর এলাকার রাজমিস্ত্রী পান্না মিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে দৈনিক মানবজমিনসহ স্থানীয় সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এ সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথকভাবে নারায়ণগঞ্জ আদালতে দৈনিক মানবজমিনের নূরুজ্জামান, দৈনিক ইনকিলাবের আবু নাসের, বাংলাদেশের আলোর মনির হোসেনসহ স্থানীয় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।
